৪৯৫
পবিত্র মদিনাতুল মুনাওয়ারা থেকে প্রেরিত এক ভিডিওবার্তায় বাংলাদেশ খেলাফত মজলিস-এর আমীর শায়খুল হাদীস আল্লামা মামুনুল হক বলেন, “আজ দেশ-বিদেশে খেলাফতের পক্ষে একটি সুস্পষ্ট গণজাগরণ সৃষ্টি হয়েছে। মানুষ বুঝতে শুরু করেছে—ইসলামই একমাত্র পূর্ণাঙ্গ জীবনবিধান, আর খেলাফতই মানবতার মুক্তির একমাত্র পথ।”
তিনি বলেন, খেলাফতের প্রতি মানুষের এই আগ্রহ সময়ের দাবি, বাস্তব অভিজ্ঞতা ও দীর্ঘ ব্যর্থতার পর জন্ম নেওয়া একটি ঐতিহাসিক চেতনার ফল। “যখন মানুষ দেখছে, গণতন্ত্রের নামে চলছে শোষণ, দুর্নীতি ও মূল্যবোধহীনতা—তখন তারা খেলাফতের আদর্শের দিকে ফিরে আসছে। কারণ খেলাফত মানেই ইনসাফ, খেলাফত মানেই আল্লাহভীতি, খেলাফত মানেই জবাবদিহিমূলক নেতৃত্ব,”।
আল্লামা মামুনুল হক আরও বলেন, ইসলামী খেলাফত কোনো একক দলের শাসনব্যবস্থা নয়; বরং এটি এমন একটি ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থা, যেখানে সকল মানুষ—ধর্ম-বর্ণ নির্বিশেষে—ন্যায় ও নিরাপত্তা পায়। তিনি দৃঢ়ভাবে বলেন, “মানবতা আজ কেবল উন্নয়ন নয়, বরং আল্লাহভীতিসম্পন্ন ন্যায়ের শাসন চায়।”
বাংলাদেশ খেলাফত যুব মজলিস-এর উদ্যোগে আয়োজিত তিনদিনব্যাপী “সংগঠক তরবিয়তী মজলিস” উপলক্ষে এক ভিডিও বার্তায় তিনি একথা বলেন।
দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত নির্বাচিত সংগঠকদের নিয়ে কর্মশালাটি অনুষ্ঠিত হয় ১৩ থেকে ১৫ জুন ২০২৫ পর্যন্ত। তরবিয়তী মজলিসে দাওয়াত, খেলাফত, রাষ্ট্রচিন্তা ও সাংগঠনিক উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়। অংশগ্রহণকারী অনেকেই লিখিত পরীক্ষার মাধ্যমে “সংগঠক” থেকে “নকীব” মানে উত্তীর্ণ হন।

কেন্দ্রীয় প্রশিক্ষণ বিভাগের সম্পাদক মাওলানা আল আবিদ শাকিরের পরিচালনায় কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মাওলানা আব্দুল্লাহ আশরাফের দিক নির্দেশনা ও কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিষয়ভিত্তিক আলোচনা পেশ করেন, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালী, বাইতুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রগমান, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী, মজলিস ঢাকা মহানগর দক্ষীনের সহ সভাপতি মাওলানা ইমদাদুল্লাহ, সাধারণ সম্পাদক মাওলানা রাকীবুল ইসলাম, আস সুন্নাহ ফাউন্ডেশনের ডিপ্লোমা ইন ইসলামি দাওয়াহ বিভাগের কো অর্ডিনেটর মাওলানা খালেদ মোহাম্মদ সাইফুল্লাহ, মজলিস ঢাকা মহানগর উত্তরের সহ সাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমান মিসবাহ, মাওলানা জাহিদুল আলম, যুব মজলিসের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিভাগের সম্পাদক মুফতি শহীদুল ইসলাম, মজলিসে খাসের সদস্য মুহাম্মাদ মিজানুর রহমান প্রমুখ।
বার্তা প্রেরক
————————-
ফাতীহ মুহাম্মাদ সোলাইমান
সম্পাদক, কেন্দ্রীয় প্রচার বিভাগ
বাংলাদেশ খেলাফত যুব মজলিস
01911167254
fatihsolaiman1997@gmail.com